বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডাকটিকিট অবমুক্ত

১০ জানুয়ারি, ২০২৪ ১১:০২  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড অবমুক্ত করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) গণভবনে বিশেষ সিলমোহর ব্যবহার করা এগুলো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময়ে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন জানিয়েছেন, আজ থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে স্ট্যাম্প, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড বিক্রি করা হবে। এগুলো পরে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে। উদ্বোধনী খাম ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থাও রয়েছে।